পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পাঁচ মন্ত্রীর শপথ গ্রহণ

post-title

বাঁ দিক থেকে অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক,অশোক কীর্তনিয়া, দিলীপ ঘোষ।

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তার মন্ত্রিসভার প্রথম দফায় পাঁচ সদস্য শপথগ্রহণ করেছেন।

শনিবার অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

দিলীপ ঘোষ:
পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ দিলীপ ঘোষ খড়্গপুর সদর আসন থেকে জয়ী হয়েছেন। প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয় পান তিনি। ২০১৬ সালেও একই আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রাজ্যে বিজেপির সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অগ্নিমিত্রা পাল:
আসানসোল দক্ষিণ আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ১ লাখ ১৯ হাজার ৫৯২ ভোট পেয়ে প্রায় ৪০ হাজার ৮৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। দলের নারী নেতৃত্বের অন্যতম আলোচিত মুখ হিসেবে তিনি পরিচিত।

অশোক কীর্তনিয়া:
বনগাঁ উত্তর আসনে জয় পেয়েছেন অশোক কীর্তনিয়া। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করে আসনটি ধরে রাখেন। সীমান্তবর্তী এলাকায় সংগঠন শক্তিশালী করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি।

নিশীথ প্রামাণিক:
কোচবিহারের মাথাভাঙা আসন থেকে জয়ী হয়েছেন নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের রাজনীতিতে বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তিনি।

ক্ষুদিরাম টুডু:
বাঁকুড়ার রানিবাঁধ আসনে জয় পেয়েছেন ক্ষুদিরাম টুডু। তিনি তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে ৫২ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। শপথ অনুষ্ঠানে তিনি সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেন।

তবে নতুন মন্ত্রিসভার এসব সদস্য কোন দপ্তরের দায়িত্ব পাবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে এবার ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২টি করে এবং সিপিআই (এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট ১টি করে আসন পেয়েছে। অনিয়মের অভিযোগ বাতিল হয়েছে একটি আসনের ভোট। গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের ফল প্রকাশ হয় ৪ মে।

শুভেন্দু অধিকারী এবারের বিধানসভা নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ আসনে জিতেছেন। নিজের নন্দীগ্রামের আসন ধরে রাখার পাশাপাশি ভবানীপুরে হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।


এসএ/সিলেট