২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

post-title

সভায় কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি মাসিক বেতন নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। সেখানে শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অসন্তোষ বা আন্দোলনের আশঙ্কা থাকবে না। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপও দাবি করেন তারা।

শ্রমিক প্রতিনিধিরা ঈদযাত্রা সহজ করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থারও অনুরোধ জানান।

এর প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিক-পক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বেতন-বোনাস পরিশোধ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএ/সিলেট