গোলাপগঞ্জে ইসলামি ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে ব্যাংকের টাকা বহনকারী কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে হিরা মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মো. হিরা মিয়া সিলেটের কোতোয়ালি থানার খাদিমনগর ইউনিয়নের বিআরটিসি মির মহল্লার মো. আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেলে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ ইসলামী এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা উত্তোলন করেন ব্যাংকের দুই কর্মী হাজি মো. আলী ও সাফওয়ান আহমদ।

পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে টাকা নিয়ে রওনা হন। পথে পৌর এলাকার দাড়িপাতন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে দুই কর্মীকে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ১৪ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় হিরা মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএ/সিলেট