সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

post-title

ছবি সংগৃহীত

রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ  (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ইংলিশ ভার্সন তাহফিজুল কোর'আন প্রতিষ্ঠান 'রুহামা ইউনাইটেড স্কুল' আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সীরাতে রাসূল (সাঃ) নিয়ে রুহামা ইউনাইটেড স্কুলের এমন বর্ণাঢ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে রূপদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তিনি ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুল (সাঃ) এর সীরাতের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দা'য়ী এবং কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

একাডেমিক ইনচার্জ হাফিজ মুনাজ্জির আহমাদ আল মাদানীর প্রাণবন্ত সঞ্চালনা এবং প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশীদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।

উল্লেখ্য, রুহামা ইউনাইটেড স্কুলের মাসব্যাপী সীরাত আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'নাতে রাসূল' প্রতিযোগিতা এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী অর্ধশতাধিক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এসএ/সিলেট