সিকৃবির পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে লাশ হয়েছেন এক কিশোর মাদ্রাসা ছাত্র। তার নাম মো. রায়হান (১৭)। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করতে সক্ষম হন বিকাল ৫টার দিকে।

রায়হান শাহপরাণ থানার বালুচর নতুনবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। তাদের আদি নিবাস সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার রাতারগাঁও বাগেরটেক এলাকায়।

শাহপরাণ থানাপুলিশ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  প্রফেসর সামিউল তুষার জানান, দুপুর আড়াইটার দিকে তারা ৪/৫ জন বন্ধু খেলা শেষে গোসল করতে নেমেছিল। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি থেকে ফেরার পথে হঠাৎ রায়হান ডুবতে শুরু করে। তার বন্ধুরা চেষ্টা করলেও তাকে উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাদের ডুবুরিরা এসে অনেক চেষ্টার পর রায়হানের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লাশের ময়না তদন্তে তাদের অসম্মতি থাকায় রায়হানের লাশটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন প্রক্টার সামিউল তুষার।

এসএ/সিলেট