পাল্টা সংবাদ সম্মেলনে মাদ্রাসা...
জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা সিলেটের নির্মাণকাজের পাওনা টাকা না দেওয়া ও হুমকির অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা...
ছবি সংগৃহীত
জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা সিলেটের নির্মাণকাজের পাওনা টাকা না দেওয়া ও হুমকির অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাখ্যান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের দাবি, অভিযোগকারী জীবন রহমান মাদ্রাসার সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ কোনো ঠিকাদার নন; তিনি মূল ঠিকাদারের অধীনে কাজ করা একজন নির্মাণশ্রমিক। কাজের হিসাব অনুযায়ী তার পাওনা বিভিন্ন সময়ে পরিশোধ করা হয়েছে এবং টাকা গ্রহণের প্রমাণও প্রতিষ্ঠানের কাছে রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ ইমদাদুল হক নোমানী।
এর আগে গত ৮ আগস্ট সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জীবন রহমান মাদ্রাসার নির্মাণকাজ শেষে তার ৩ লাখ ৯৭ হাজার ২০০ টাকা পাওনা রয়েছে দাবি করে তা পরিশোধ না করা, টাকা চাইতে গেলে হুমকি দেওয়া এবং সমঝোতা বৈঠকে না বসার অভিযোগ করেন।
এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, জীবন রহমানের সঙ্গে প্রতিষ্ঠানের সরাসরি কোনো নির্মাণচুক্তি ছিল না। তিনি মূল ঠিকাদার সিরাজ মিয়ার অধীনে কাজ করেছেন। ফলে প্রতিষ্ঠানের কাছে সরাসরি ৩ লাখ ৯৭ হাজার ২০০ টাকা পাওনা দাবি করার বিষয়টি অযৌক্তিক।
মুহতামিম ইমদাদুল হক লিখিত বক্তব্যে বলেন, জীবন রহমানকে মূল ঠিকাদারের মাধ্যমে শিক্ষা ভবনের তৃতীয় তলার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে কাজ শেষ করায় মূল ঠিকাদারের সঙ্গে তার অসন্তোষ তৈরি হয়। তবে কাজের অর্থ মূল ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানের হিসাব বিভাগ থেকে বিভিন্ন সময়ে তাকে পরিশোধ করা হয়েছে। তিনি দাবি করেন, জীবন রহমানের স্বাক্ষরযুক্ত টাকা গ্রহণের প্রমাণ প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, পরবর্তীতে জীবন রহমান অতিরিক্ত কাজের পাওনা দাবি করলে বিষয়টি নিয়ে প্রকৌশলী, মূল ঠিকাদার ও সংশ্লিষ্টদের নিয়ে একাধিকবার বৈঠক হয়। প্রথম বৈঠকে অতিরিক্ত হিসেবে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হলে জীবন রহমান তা গ্রহণ করেন। পরে তিনি নতুন করে আরও টাকা দাবি করলে প্রকৌশলীদের নিয়ে সরেজমিনে কাজ পরিদর্শন ও হিসাব যাচাই করা হয়। সেখানে তার দাবির সঙ্গে বাস্তব কাজের অসঙ্গতি পাওয়া যায়।
তবে বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে আরও ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও জীবন রহমান তা গ্রহণ না করে বৈঠক ত্যাগ করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
জীবন রহমানের করা গালাগাল ও হত্যার হুমকির অভিযোগও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মুহতামিম বলেন, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা যাচাই করা যেতে পারে।
২২ জুলাইয়ের বৈঠক প্রসঙ্গে মুহতামিম বলেন, ওই দিন তিনি ঢাকায় থাকায় সরাসরি বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে মাদ্রাসার প্রকৌশলী শাহজাহান কবীর ডালিমকে বৈঠকে পাঠাতে তিনি সম্মতি দিয়েছিলেন। জীবন রহমানের পক্ষের সংশ্লিষ্ট প্রকৌশলীরাও উপস্থিত থাকবেন এমন শর্ত ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি না থাকায় বৈঠকটি কার্যকরভাবে অনুষ্ঠিত হয়নি বলে দাবি করেন তিনি।
মাদ্রাসা কর্তৃপক্ষ উভয় পক্ষের বক্তব্য, নির্মাণকাজের পরিমাণ, বিল-ভাউচার, হিসাব-নিকাশ এবং অর্থ পরিশোধের প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।
মুহতামিম বলেন, কারও বৈধ পাওনা থাকলে হিসাব যাচাই করে তা পরিশোধে তারা আপত্তি করবেন না। প্রয়োজনে নিরপেক্ষ ব্যক্তি, প্রকৌশলী ও হিসাবসংশ্লিষ্টদের সমন্বয়ে নির্মাণকাজ ও বিল পুনরায় যাচাইয়েরও প্রস্তাব দেন তিনি।
একই সঙ্গে মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর বক্তব্য প্রচার অব্যাহত থাকলে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
এসএ/সিলেট
জামিয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা সিলেটের নির্মাণকাজের পাওনা টাকা না দেওয়া ও হুমকির অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা...
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংস্থ মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকার দেশের...
সিলেটে র্যাবের অভিযানে চার জুয়াড়িকে আটক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগস্থ পাঁচমাইল বাজারে অভিযান চালিয়ে...