কানাইঘাটে চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে ভারতীয় জিরাবোঝাই চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) মারা গেছেন। বুধবার ভোররাতে (১৯ আগস্ট) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত ফারুক আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা দিয়ে একটি পিকআপে করে ভারতীয় জিরা নিয়ে আসছিল চোরাকারবারিরা। এ সময় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটক করতে পেছন থেকে ধাওয়া করেন।

বিজিবির ধাওয়া খেয়ে পিকআপচালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সুরইঘাট বাজারের দিকে পালিয়ে যাওয়ার সময় বাজার পয়েন্টে ফারুক আহমদ ও আম্বিয়া আহমদ নামের দুইব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ফারুক আহমদের দুই পা ভেঙে যায়।

পরে বাজারের লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফারুক আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

কানাইঘাট সদর ইউনিয়নের ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, আহত ফারুক আহমদ ও আম্বিয়া তার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক আহমদ সুরইঘাট বাজারে দিনমজুরের কাজ করতেন।

সীমান্ত দিয়ে চোরাইপথে আসা পণ্যবাহী যানবাহনের বেপরোয়া গতির কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার আহত হওয়া লোকটি মারা গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপের কাজ চলছে।

এসএ/সিলেট