সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ

post-title

সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাহিদ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের ক্রিড়া বিষয়ক সম্পাদক এ আর সায়েম, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার দপ্তর সম্পাদক লোকমান সহ এই তিন সাংবাদিককে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি কিংবা বাধার শিকার হবেন—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

তারা আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা বা হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিক মোশাহিদ আলীসহ তিন সাংবাদিককে হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলেও প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

টিএ/ছাতক