নগরীতে এবার সিলগালা ফার্মেসি

post-title

ফাইল ছবি

নগরীর কাজলশাহ এলাকায়  আল রাইয়ান ফার্মেসি সিলগালা করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ফার্মেসিটিকে সিলগালা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, নগরীর কাজলশাহ রোডে অবস্থিত আল রাইয়ান ফার্মেসিতে অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তাছাড়া খুব গুরুত্বপূর্ণ কিছু ইনজেকশন ও ওষুধ সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় সংরক্ষন না করার প্রমাণ পায় ভোক্তা অধিকার।

অভিযানের এক পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসিটিকে সিলগালা করতে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে নোটিশ জারি করেছেন।

সিলগালার বিষয়টি তাৎক্ষনিক কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।

উল্লেখ্য, সম্প্রতি অনৈতিক কাজের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে। তবে ফার্মেসি বা অন্যকেনো প্রতিষ্ঠান সিলগালার খবর তেমন একটা শোনা যায়নি। আল রাইয়ান সিলগালার খবরে নগরীর ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চলছে তুমুল আলোচনা।

এসএ/সিলেট