জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে হাওর থেকে অরুণ দেবনাথ নামে ওই যু্বকের লাশ উদ্ধার করা হয়। এ নৌকা ডুবির ঘটনায় এখনও তিন জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ।

পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ জন।

শনিবার বেলা ১১ টার দিকে অরুণ দেবনাথের লাশ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনও নিখোঁজ তিন জনের সন্ধান পাওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ ছিলেন, এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ভোর রাতে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হয়েছিলে। হাওর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য সিলেট ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়েছে।

এসএ/সিলেট