সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই ও সংগ্রাম বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান,  সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট