গোলাপগঞ্জে ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

post-title

ছবি সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ চোরাচালানি ঔষধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন চোরাচালানকারীকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

র‌্যাব সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি নীল রঙের পিকআপযোগে চোরাচালানি মালামাল সিলেট শহরের দিকে আনা হচ্ছিল। চেকপোস্টে গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়ি থেকে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।

আটক রিয়াজ উদ্দিন সিলেট জেলার কানাইঘাট উপজেলার গোরাকপুর এলাকার মৃত শামছুল হকের ছেলে।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে পিকআপ তল্লাশি করে ১ হাজার ২০৫ পিস ভারতীয় শাড়ি, ৪ লাখ পিস Cyproheptadine Tablets 4mg, ২ হাজার ৩৮ পিস JUST D3.800 Drops 30ml এবং ৩ হাজার ৬০০ পিস Bacillus Clausii Spores Suspension 5ml উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিয়াজ উদ্দিন জানান, তিনি ও তার সহযোগীরা ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে গোলাপগঞ্জ থানা এ হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট