তর্কে-যুক্তিতে দুর্নীতির বিরুদ্ধে কানাইঘাটের শিক্ষার্থীরা

post-title

ছবি সংগৃহীত

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।

দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলার তিনটি ভেনুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিতর্কের মঞ্চে শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে দুর্নীতির কারণ ও প্রতিরোধ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মহি উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক ও বীরদল এন এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপালি বিশ্বাস, সিনিয়র শিক্ষক হোসেইন আহমদ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, আলহাজ বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অভিজিৎ, কমিটির সদস্য মো. ইয়াহইয়া, মুহিবুর রহমান মনির, শিক্ষক তাহমিনা আক্তার সুমি প্রমুখ।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় তুমুল যুক্তিতর্কের পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়। আর রানার্সআপ হয় বীরদল এন এম একাডেমি।

এর আগে উপজেলার তিনটি ভেনুতে অনুষ্ঠিত বাছাইপর্বে মোট ৯টি বিদ্যালয় অংশ নেয়। গাছবাড়ী মর্ডাণ একাডেমি ভেনুতে ৩টি, বীরদল এন এম একাডেমি ভেনুতে ২টি এবং কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় ভেনুতে ৪টি বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসএ/সিলেট