শ্রীমঙ্গল সরকারি কলেজে চালু হচ্ছে ‘জনতা পে’

post-title

ছবি সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ‘জনতা পে (Janata Pay)’ ডিজিটাল সেবা চালু করা হয়েছে। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা।

সোমবার (১৭ আগস্ট) মৌলভীবাজার এরিয়ার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রনজন বর্মণের উপস্থিতিতে জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা ও শ্রীমঙ্গল সরকারি কলেজের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের ফলে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীরা ‘জনতা পে’ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ, দ্রুত ও নিরাপদে মাসিক বেতনসহ বিভিন্ন প্রয়োজনীয় ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ ও আধুনিক হওয়ার পাশাপাশি কলেজের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখা সূত্রে জানা গেছে, গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও সময়োপযোগী করার লক্ষ্যে শাখাটিতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ‘জনতা পে’ সেবা সংযুক্ত করা হয়েছে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজার এরিয়ার ডিজিএম রনজন বর্মণের দিকনির্দেশনা এবং শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনের ধারাবাহিক তদারকি ও দক্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় উদ্যোগটি বাস্তবায়িত হয়েছে।

জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়ানো হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এসএ/সিলেট