নগরীর মজুমদারী থেকে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় চকলেট জব্দ, আটক ৩

post-title

ছবি সংগৃহীত

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চকলেটসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকার মেসার্স ইউনুছ অটো ট্রেডার্সের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এয়ারপোর্ট থানা পুলিশের এসআই (নিরস্ত্র) মো. শামীম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় টাটা সিঙ্গেল কেবিন যাত্রীবাহী মিনি পিকআপটি (সিলেট মেট্রো-ছ-১১-০১৩০) তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা চকলেটের মধ্যে রয়েছে ৫ হাজার ৪০ পিস Nestlé KitKat এবং ১ হাজার ৫৩৬ পিস Snickers। উদ্ধারকৃত চকলেটের সর্বমোট আনুমানিক মূল্য ২ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—কানাইঘাট উপজেলার দুর্গাপুর এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো. আবু বক্কর, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ এলাকার শফিউল্লাহর ছেলে আবু বক্কর, বর্তমানে সিলেট নগরের কালিঘাট এলাকায় বসবাসকারী এবং জকিগঞ্জ উপজেলার মোগাম এলাকার আইনুল হকের ছেলে মো. ফখরুল, বর্তমানে সিলেট নগরের টিলাগর এলাকায় বসবাসকারী।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটক তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট