উদ্ধার হওয়া আরও ৫২টি মোবাইল মালিকদের ফেরত দিল এসএমপি পুলিশ

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে এসএমপির ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কার্যালয়ে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডি তথ্যপ্রযুক্তির সহায়তায় পর্যালোচনা করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয়। পরে পুলিশের বিশেষ ইউনিট ও ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে ফোনগুলো উদ্ধার করেন।

এসএমপি সূত্র জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৩২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অনুষ্ঠানে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, “আমাদের হাতে মোট ৫২টি মোবাইল রয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলের ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে এখন পর্যন্ত এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম।”

তিনি বলেন, “আজকের এই সময়টি অত্যন্ত আনন্দের। কারণ আমরা উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পারছি। এ জন্য আমি আমার টিমকেও ধন্যবাদ জানাচ্ছি।”

কমিশনার আরও বলেন, “কোনো একটি ঘটনার রহস্য উদঘাটনে আমরা প্রযুক্তির সহায়তা, আমাদের দক্ষতা এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য—এই তিনটি বিষয়কে সমন্বয় করে কাজ করি। মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।” এ সময় উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এসএমপি কমিশনার।

এদিকে, জনসাধারণকে সতর্ক করে একটি সচেতনতামূলক বার্তাও দিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সামান্য অসতর্কতা থেকেও আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই পুরাতন ডিভাইস কেনাবেচার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করা, রসিদ বা মেমো সংরক্ষণ করা এবং ডিভাইসের বক্সে উল্লিখিত আইএমইআই নম্বরের সঙ্গে সেটের প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

তাছাড়া ডিভাইস চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার হাত থেকে বাঁচতে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে বা ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে কোনো ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এসএ/সিলেট