সিলেটে স্থাপন হবে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি)

পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে সিসিক-এসএনভি

post-title

ছবি সংগৃহীত

নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং নেদারল্যান্ডসভিত্তিক উন্নয়ন সংস্থা এসএনভি।

এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো একটি পয়ঃবর্জ্য শোধনাগার (Faecal Sludge Treatment Plant-FSTP) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সিসিক ও এসএনভির পারস্পরিক সহযোগিতার নতুন কয়েকটি ক্ষেত্র নিয়েও আলোচনা ও সমঝোতা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় প্রস্তাবিত ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে পরবর্তী বাস্তবায়ন ধাপে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সিলেটে প্রথম পয়ঃবর্জ্য শোধনাগার (এফএসটিপি) স্থাপন এবং নগরজুড়ে একটি নিরাপদ, আধুনিক ও পেশাদার পয়ঃবর্জ্য অপসারণ ব্যবস্থা চালু করা। এর মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং নগরীর নদী, ছড়া ও জলাশয় দূষণমুক্ত রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের পূর্বে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নগরীতে ক্ষুদ্র পরিসরে একটি পাইলট ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্প বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়।

সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো মূল্য-শৃঙ্খল (ভ্যালু চেইন) নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এসএনভির কারিগরি সহযোগিতা কামনা করেন।

তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামো এবং প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়নে এসএনভির সহায়তা চান। এ বিষয়ে এসএনভি প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদানে সম্মতি জানায়।

সভায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন, এসএনভি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য পিপিপি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সিসিক নিজস্ব সক্ষমতায় পিপিপি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবে।

সভায় উভয় পক্ষ সিলেটবাসীর জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং আর্থিকভাবে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএনভির সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল ট্রান্সফরমেশন প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজার তানভীর চৌধুরী এবং পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার মো. গোলাম শাওন।


এসএ/সিলেট