সিলেটে নাক-কান-গলা বিশেষজ্ঞদের দিনব্যাপী থাইরয়েড ওয়ার্কশপ অনুষ্ঠিত

post-title

বানী

সিলেটে অনুষ্ঠিত হয়ে গেল নাক-কান-গলা (ENT) বিশেষজ্ঞদের দিনব্যাপী ‘Comprehensive Thyroid Diseases Workshop: From Diagnosis to Management’ শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালা।

২৬ আগস্ট, বুধবার নগরীর গ্র্যান্ড সিলেট হোটেলে বৈজ্ঞানিক কর্মশালার আহবায়ক ডা: মোহাম্মদ শাহ কামাল এবং সদস্য সচিব সৈয়দ নাফি মাহদীর উপস্থিতিতে সহকারী রেজিস্ট্রার ডা. মাসুম বিল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন।

অনুষ্ঠানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান- গলা বিভাগের সহকারী অধ্যাপক  এবং আবাসিক সার্জন ডা. মো. আব্দুল হাফিজ শাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. মোখলেসুর রহমান। এরপর সিলেট বিভাগের  বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা থাইরয়েড রোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

বৈজ্ঞানিক সেশন শেষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও আলোচনা পর্ব। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক  ডা. সৈয়দ নাফি মাহদী।

এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হারুনুর রশীদ, অধ্যাপক ডা. কাজী আখতার উদ্দীন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. মাসুকুর রহমান চৌধুরী এবং অধ্যাপক ডা. ইমাদ হোসেন চৌধুরী।

বক্তারা সিলেট অঞ্চলে নাক-কান-গলা চিকিৎসাবিজ্ঞানের উন্নয়ন, চিকিৎসকদের পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে আরও নিয়মিত বৈজ্ঞানিক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিনিয়র চিকিৎসকদের বক্তব্য ও দিকনির্দেশনার সূত্র ধরে উপস্থিত চিকিৎসকদের সর্বসম্মত সমর্থনে ‘সিলেট ইএনটি সোসাইটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে অধ্যাপক ডা. মাসুকুর রহমান চৌধুরীকে সভাপতি এবং ডা. সৈয়দ নাফি মাহদীকে সাধারণ সম্পাদক  হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত এ সংগঠন সিলেট অঞ্চলের নাক-কান-গলা বিশেষজ্ঞদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি, নিয়মিত বৈজ্ঞানিক সভা-সেমিনার আয়োজন এবং চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দিনব্যাপী কর্মশালায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

কর্মশালার বিভিন্ন সেশনে থাইরয়েড রোগ নির্ণয়, চিকিৎসা, সার্জারি, অপারেশন-পরবর্তী জটিলতা এবং আধুনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ বৈজ্ঞানিক মিলনমেলায় পরিণত হয়।

জুয়ে/সিলেট