সুনামগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তাহিরপুর থানাধীন উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের দল রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. নজরুল ইসলাম। তিনি তাহিরপুর উপজেলার মাহরাম এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে নজরুল ইসলামের হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে একটি সাদা-নীল রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সুনামগঞ্জের তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএ/সিলেট