হবিগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর জগদীশপুর ইউনিয়নের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহতরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে সামিউল হক (২৫) এবং মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে সামছুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্পিনিং সাইডে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি কম্প্রেসার বিস্ফোরিত হলে সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল হক ও সামছুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এসএ/সিলেট