মৌলভীবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

শুধু বন্যা নয়, যেকোন দুর্যোগে রেড ক্রিসেন্ট সবার আগে মানুষের পাশে দাঁড়াবে: ব্যারিস্টার এম এ সালাম

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীসহ সবাইকে বন্যাদুর্গতদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আকস্মিক বন্যায় রেড ক্রিসেন্টের সংষিøষ্ট সবগুলো ইউনিট বন্যার্তদের পাশে রয়েছে। শুধু বন্যা নয়, যেকোন দুর্যোগে রেড ক্রিসেন্ট সবার আগে মানুষের পাশে দাঁড়াবে।

তিনি শনিবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন ও মনসুরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার সালাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের পাশে মানবিকতার অনন্য উদাহরণ হতে চায় রেড ক্রিসেন্ট। আকস্মিক বন্যায় সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট সকল ধরনের সহযোগিতা নিয়ে মানবিকতার হাত বাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, কেন্দ্রীয়  বিএনপির নির্বাহী সদস্য ফয়ছল চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম পাভেল এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

বকশি মিজবাহ উর রহমানের সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ইউনিট লেভেল অফিসার পঙ্কজ দেব নাথ, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান ইমু চৌধুরী এবং সিলেট ও মৌলভীবাজার ইউনিটের অসংখ্য যুব স্বেচ্ছাসেবক।



এসএ/সিলেট