কাতিয়া মাদ্রাসা মাঠে জানাজা শনিবার বেলা ১১টায়

শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আর নেই

post-title

ফাইল ছবি

সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, শায়খে কাতিয়া হজরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর বড় সাহেবজাদা এবং ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরে সিলেটে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা যায়,  মরহুমের নামাজে জানাজা আগামী শনিবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় কাতিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ ছিলেন শায়খে কাতিয়া (র.)-এর বড় সাহেবজাদা। পিতার ইন্তেকালের পর তাঁর জানাজার ইমামতিও করেন তিনি। পরে পিতার প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কাতিয়া মাদরাসার মুহতামিমের দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে ইলম, শিক্ষা ও দ্বীনি খেদমতের সঙ্গে যুক্ত ছিলেন।

শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.) ছিলেন সিলেট অঞ্চলের প্রভাবশালী বুজুর্গ আলেম। তিনি শায়খুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী (র.)-এর ছাত্র ও মুরিদ ছিলেন এবং শায়েখ ডা. আলী আছগর নূরী চৌধুরী (র.)-এর খলিফা ছিলেন।

পিতার ইলমি ও আধ্যাত্মিক উত্তরাধিকার ধারণ করে হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ দীর্ঘদিন কাতিয়া মাদরাসার দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে মাদরাসাটির শিক্ষা ও দ্বীনি কার্যক্রম অব্যাহত থাকে।

স্বজন, ছাত্র ও পরিচিতদের কাছে হাজী ইমদাদুল্লাহ ছিলেন শান্ত, বিনয়ী ও কোমল স্বভাবের মানুষ। তাঁর কথাবার্তা ও চালচলনে ছিল সরলতা। ছাত্রদের সঙ্গে ছিল আন্তরিক ও স্নেহপূর্ণ আচরণ। নীরবে দ্বীনি খেদমত করে যাওয়া এই আলেম বড় কোনো প্রচার বা প্রদর্শনের পরিবর্তে নিজের দায়িত্ব, মাদরাসা ও ছাত্রদের নিয়েই ব্যস্ত থাকতেন।

হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহর ইন্তেকালে সিলেট ও সুনামগঞ্জের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে একদিকে যেমন একজন প্রবীণ আলেম ও মাদরাসা-ব্যক্তিত্বকে হারাল দ্বীনি অঙ্গন, অন্যদিকে শায়খে কাতিয়া (র.)-এর ইলমি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ উত্তরসূরিকেও হারাল কাতিয়া মাদরাসা।

উল্লেখ্য, ২০১০ সালের ১০ সেপ্টেম্বর এ দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছিলেন আধ্যাত্মিক রাহবার, কাতিয়ার কিংবদন্তি শায়খ হযরত মাওলানা আমিনুদ্দীন শায়খে কাতিয়া (রহ.)। আর ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর, ঠিক ১৬ বছর পর একই দিনে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সফর শেষ করে মহান রবের দরবারে ফিরে গেলেন তাঁরই বড় সাহেবজাদা, লাখো মানুষের আশ্রয়স্থল ফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ।

শোক প্রকাশ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব শায়খুল হাদিস মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী এক প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগজ্ঞ জমিতে উলামায়ে ইসলামের অন্যতম উপদেষ্টা পরিষদ সদস্য দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অলৈতলি ও কাতিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ ইমদাদ উল্লাহ সাহেবের ইন্তেকালের গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের ইন্তেকালের দেশ এবং জাতির একজন এলমে দ্বীনের খাদিমকে হারালো যা সহজে পূরণ হবার নয়, আল্লাহ পাক মরহুমের নেক আমলগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদাউস দান করুন।

মহানগরের শোক প্রকাশ : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী বিবৃতিতে সিলেট অঞ্চলের এক প্রসিদ্ধ আলেমে দ্বীন দ্বীনের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেব আজ আমাদের কাছ থেকে চলে গেলেন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি পরিবার আত্মীয়স্বজন প্রতিষ্ঠান সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বিশেষ দোয়া মাহফিল : ওসমানী বিমানবন্দর এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আমিনীয়া মংলি পার হাজিনগর মাদ্রাসার ছাত্র-শিক্ষক কোরআনুল কারীমের খতম  অসংখ্য অজিফা আদায় করে, হযরত হাজী ইমদাদুল্লাহ মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন জামেয়া আমিনি হাজিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা মাহমুদুল হাসান সাহেব।


এসএ/সিলেট