মৌলভীবাজারে পৃথক অভিযানে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছোট ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তাঁর বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

অন্যদিকে, জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে ২ নভেম্বর দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁরা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট